যে কারণে ইরানের ১০-দফা মেনে নেওয়ার আশ্বাস ট্রাম্পের

- সর্বশেষ আপডেট ০৩:১২:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 138
ইরানের দেওয়া ১০ দফা যুদ্ধবিরতি প্রস্তাবকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণযোগ্য মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আরও সময় প্রয়োজন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
আরও পড়তে পারেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে আসা ১০ দফা প্রস্তাবটি পুরোপুরি নাকচ করার মতো নয়; বরং আলোচনা এগোনোর একটি বাস্তবসম্মত ভিত্তি হতে পারে।
তার ভাষায়, দুই পক্ষের বহু পুরোনো বিরোধের জায়গাগুলোতেও নাকি কিছুটা মিল খুঁজে পাওয়া গেছে।
তিনি বলেন, আরও অন্তত দুই সপ্তাহ সময় পাওয়া গেলে একটি কার্যকর ও টেকসই চুক্তির দিকে অগ্রসর হওয়া সম্ভব হতে পারে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সম্ভাব্য চুক্তি এই ১০ শর্তের ওপরই দাঁড়াতে হবে।
এসব শর্তের মধ্যে রয়েছে— সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া, ইরান ও তার মিত্রদের ওপর হামলা বন্ধ, বিদেশে জব্দ সম্পদ ফেরত দেওয়া, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে চুক্তিকে বাধ্যতামূলক করা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃতি।
হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থানও স্পষ্ট। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, প্রণালী দিয়ে জাহাজ চলাচল ইরানের সামরিক তত্ত্বাবধানে নিরাপদ রাখা হবে।
এমনকি প্রতিটি জাহাজ থেকে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত ফি নেওয়ার প্রস্তাবও আলোচনায় রয়েছে, যা যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে ব্যয় করা হতে পারে। আলোচনা ভেঙে গেলে প্রণালী আবার বন্ধ করে দেওয়ার সতর্কতাও রয়েছে।
তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এসব শর্ত যুক্তরাষ্ট্রের পক্ষে সরাসরি মেনে নেওয়া কঠিন হতে পারে। মার্কিন সিনেটর ক্রিস মারফির আশঙ্কা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে গেলে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।
এদিকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে আগ্রহী।
ইসরায়েলের অবস্থান কিছুটা আলাদা। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির পক্ষে থাকলেও স্পষ্ট করেছেন, এই সমঝোতা লেবাননের পরিস্থিতিকে অন্তর্ভুক্ত করছে না।
ইসরায়েলের দাবি, ইরানকে দ্রুত হামলা বন্ধ করতে হবে এবং তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, লেবাননে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে ১২ লাখের বেশি মানুষ।
কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই প্রক্রিয়ায় মধ্যস্থতার চেষ্টা করছেন এবং ইসলামাবাদে দুই পক্ষকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন।
ইরান এতে সম্মত হয়েছে, আর যুক্তরাষ্ট্রও বিষয়টি বিবেচনায় রেখেছে— যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।
চীনও নীরবে যুদ্ধবিরতির পক্ষে চাপ দিচ্ছে বলে জানা যাচ্ছে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965



































