হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে রাশিয়া-চীন-ফ্রান্স এর ভেটো

- সর্বশেষ আপডেট ০৯:১৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 276
জাতিসংঘে হরমুজ প্রণালী জোরপূর্বক খোলার প্রস্তাব ভেটো দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স। প্রস্তাবটি বাহরাইনের পক্ষ থেকে আনা হয়েছিল, যাতে সামরিক পদক্ষেপের মাধ্যমে নৌপথটি খোলা যায়।
হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি পরিবহনের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস বহন করে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান এই প্রণালির নিয়ন্ত্রণ নেয়।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, এটি এখন তাদের দৃঢ় নিয়ন্ত্রণে এবং শত্রুদের জন্য বন্ধই থাকবে।
এক মাসে পারস্য উপসাগরে অন্তত ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে, যার মধ্যে ৩২০টির বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার। এর ফলে উপসাগরীয় দেশগুলোর রপ্তানি বাধাগ্রস্ত এবং বিশ্ববাজারে জ্বালানি সংকট তীব্র হয়েছে।
নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি শুক্রবার ভোটের জন্য উঠেছিল, কিন্তু ভেটোতে তা পাস হয়নি। কূটনৈতিক সূত্র বলছে, চীন ও রাশিয়া সাধারণত ইরানের পক্ষে অবস্থান নেয়, তবে ফ্রান্সের সমর্থন এ বিষয়ে নতুন মাত্রা যোগ করেছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, সামরিক অভিযানের মাধ্যমে হরমুজ খুলে দেওয়া ‘অবাস্তব’ এবং এতে নৌ চলাচল ঝুঁকিতে পড়বে। তিনি জোর দিয়ে বলেন, সংকটের সমাধান কেবল ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্ভব।




































