ইরান যুদ্ধবিরতি চায় না, সমাপ্তি চায়: আব্বাস আরাগচি

- সর্বশেষ আপডেট ১১:০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 312
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান যুদ্ধবিরতি চায় না; বরং পুরো অঞ্চলে চলমান যুদ্ধের সম্পূর্ণ অবসান চায়। তিনি জোর দিয়ে বলেন, সংকটের যেকোনও সমাধানে ভবিষ্যতে হামলা না হওয়ার নিশ্চয়তা এবং ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ থাকতে হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) এমন স্পষ্ট বার্তা দিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনও সমাধানে ভবিষ্যতে হামলা বন্ধের নিশ্চয়তা এবং ক্ষতিপূরণ থাকতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আনুষ্ঠানিক আলোচনা চলছে না বলেও জোর দিয়ে জানিয়েছেন তিনি।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে যোগাযোগ হচ্ছে, তা কোনও আলোচনার অংশ নয়; বরং সরাসরি বা আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদানের মধ্যে সীমাবদ্ধ।
আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, অতীতের মতো এখনও তিনি মার্কিন দূত স্টিভ উইটকফের কাছ থেকে বার্তা পাচ্ছেন। তবে এটিকে কোনও আনুষ্ঠানিক আলোচনা হিসেবে দেখার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবে ইরান সাড়া দিয়েছে বলে যে প্রতিবেদন সামনে এসেছে সে বিষয়ে তিনি বলেন, কোনও জবাব পাঠানো হয়নি এবং তেহরান এখন পর্যন্ত কোনও প্রস্তাব বা শর্তও দেয়নি।
সমুদ্র নিরাপত্তা প্রসঙ্গে আরাগচি বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি খোলা রয়েছে। তবে যারা ইরানের বিরুদ্ধে শত্রুতায় জড়িত, তাদের জন্য এই পথ সীমিত করা হতে পারে।




































