দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ

- সর্বশেষ আপডেট ০৭:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / 203
কুমিল্লা ও দেশের বিভিন্ন স্থানে ট্রেন ও বাসের সংঘর্ষে হতাহতদের শোক জানিয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা বাড়ছে। দুর্ঘটনা রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক আইনগত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় রেল ক্রসিংয়ে বাস ও ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সম্প্রতি বগুড়ায় ও অন্যান্য স্থানে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোতেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং দায়িত্বরতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
কুমিল্লায় রেল দুর্ঘটনার কারণে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে—রেলওয়ে কর্তৃপক্ষ দুটি, কুমিল্লা জেলা প্রশাসন একটি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
দায়িত্বে অবহেলার জন্য ইতোমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ফেনী, হবিগঞ্জ, জামালপুরসহ দেশের অন্যান্য দুর্ঘটনাস্থলেও নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
তারেক রহমান বলেন, ঈদের আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রতিটি জীবন মূল্যবান, প্রতিটি মৃত্যু অপূরণীয় ক্ষতি।
জনগণের যাতায়াত নির্বিঘ্ন রাখতে, রেলক্রসিং, সেতু ও সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।


































