ঈদে হাসপাতালগুলোতে বিশেষ নির্দেশনা

- সর্বশেষ আপডেট ১০:০২:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / 246
স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডিউটি রোস্টার হালনাগাদ রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ঈদুল ফিতরের ছুটিতে চিকিৎসাসেবা সচল রাখতেও বিশেষ নির্দেশ জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীর নাম, পদবি এবং মোবাইল নম্বরসহ রোস্টার হালনাগাদ রাখতে হবে। রোস্টার সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরযুক্ত হতে হবে এবং অনুমোদন ছাড়া কোনো পরিবর্তন করা যাবে না।
এটি দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে এবং একটি কপি প্রধানের কাছে সংরক্ষণ করতে হবে। দায়িত্ব বণ্টন যেন সমতা ও নিয়মিততার সঙ্গে হয়, তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
রমজান ও ঈদুল ফিতরের সময়ও হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসেবা চালু রাখতে হবে। জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসক ও কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
হাসপাতালের বেড, অক্সিজেন, আইসিইউ, ল্যাব, ব্লাড ব্যাংক, সিটি স্ক্যান ও এমআরআইসহ সব জরুরি সেবা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রয়োজন হলে চিকিৎসক ও কর্মীদের ছুটি বাতিল করা যাবে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বক্ষণিক তদারকি করতে হবে। সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালকরা নিজ নিজ এলাকায় সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
এছাড়া অ্যাম্বুলেন্স সেবা চালু রাখা, পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জাম মজুত রাখা এবং হাসপাতালের নিরাপত্তা জোরদারের কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
































