এই বছরই হবে স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল

- সর্বশেষ আপডেট ০৯:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / 156
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “নির্বাচন নিয়ে কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। নিঃসন্দেহে এ বছরেই নির্বাচন হবে এবং যত দ্রুত সম্ভব তা সম্পন্ন করা হবে।”
মধ্যপ্রাচ্যের সংঘাত প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই বড় ধরনের চ্যালেঞ্জ দেখা দেয়। এবার ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, তবে সরকারের পূর্বপ্রস্তুতির কারণে দেশে তা এখনও প্রতিকূল প্রভাব ফেলেনি। গার্মেন্টস খাতেও বেতন সংক্রান্ত কোনো সমস্যা হয়নি।”
সংবিধান সংস্কার পরিষদ সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, “যেসব বিষয়ে আমরা একমত হয়েছি, সেগুলোতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে চাপ প্রয়োগ করা হয়েছে, সেগুলো আমাদের জন্য সবসময় গ্রহণযোগ্য নয়। তবে আমরা পার্লামেন্টে আলোচনা করে সর্বোত্তম সমাধানে পৌঁছানোর চেষ্টা করব।”
তিনি আরও যোগ করেন, “পার্লামেন্টে তর্ক-বিতর্ক, ওয়াকআউট—এসবই পার্লামেন্টের সৌন্দর্য। এই মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ হয়, আর বাইরে রাস্তার হুমকি দিয়ে তাড়াহুড়া করা উচিত নয়।”



































