ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন শনিবার

- সর্বশেষ আপডেট ০৮:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 143
সরকার দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য পরীক্ষামূলকভাবে মাসিক সম্মানি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন।
একই সঙ্গে ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও ৩৯৬টি গির্জার যাজকসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও সম্মানী পাবেন।
প্রতি মসজিদের জন্য মোট ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে; যেখানে ইমাম পাবেন ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা।
মন্দির, বৌদ্ধবিহার ও চার্চের ক্ষেত্রে সম্মানী ধার্য করা হয়েছে ৮ হাজার টাকা, যার মধ্যে প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ৫ হাজার এবং সহকারী ৩ হাজার টাকা পাবেন। এছাড়া ধর্মীয় উৎসবের সময় বোনাস হিসেবে মসজিদে কর্মরতরা বছরে দুইবার ১ হাজার টাকা পাবেন।
সরকার পরিকল্পনা করেছে, পরীক্ষামূলকভাবে শুরু হলেও আগামী চার অর্থবছরে ধাপে ধাপে দেশের সব মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান এই সম্মানীর আওতায় আনা হবে। চলতি অর্থবছরে প্রায় ২৭ কোটি টাকা ব্যয় হবে, পূর্ণাঙ্গ বাস্তবায়নে বার্ষিক খরচ দাঁড়াবে প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা।































