পাটশিল্পের হারানো ঐতিহ্য ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

- সর্বশেষ আপডেট ০৪:৫৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / 164
পাটশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই শিল্পকে নতুন করে শক্ত অবস্থানে নিতে প্রধানমন্ত্রী তাকে ও তার সহকর্মীদের বিশেষ দায়িত্ব দিয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাদের ওপর পাটশিল্পের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের গুরুদায়িত্ব দিয়েছেন। তার ভাষায়, এই আস্থার মর্যাদা রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।
তিনি বলেন, একসময় পাটশিল্প জাতীয়করণ করা হয়েছিল। পরে আবার বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হলেও শিল্পটি লোকসানের দাগ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। অথচ পাট শুধু দেশের ঐতিহ্য নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের পরিচয়ের অন্যতম প্রতীক হিসেবে পরিচিত।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ভবিষ্যতে এমন একটি পরিবেশ তৈরি করা হবে যাতে দেশের ক্ষুদ্র পাট প্রস্তুতকারক ও উৎপাদকরা বৈশ্বিক বাণিজ্য প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন। তাদের পণ্য যেন সহজেই বিশ্ববাজারে পৌঁছাতে পারে, সে লক্ষ্যেই কাজ চলছে।
তিনি বলেন, পাটশিল্পের বড় একটি সমস্যা হলো মানসম্মত পাটবীজের ঘাটতি। এ ক্ষেত্রে আগামী দিনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনকে সরকার অগ্রাধিকার দেবে।
মন্ত্রী আরও জানান, এমন একটি সরবরাহব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যাতে কৃষক ন্যায্যমূল্য পান এবং একই সঙ্গে পাটকলগুলোও যুক্তিসঙ্গত দামে কাঁচামাল সংগ্রহ করতে পারে।
দেশে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, পাটের ব্যবহার যত বাড়বে, ততই এই শিল্প নতুন সম্ভাবনার দিকে এগোবে। এতে পাটশিল্পে নতুন গতি আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।































