বেসরকারি ব্যবস্থাপনায় চালু হবে বন্ধ পাটকল

- সর্বশেষ আপডেট ০৪:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / 159
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আবার চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তবে এবার সেগুলো পরিচালিত হবে বেসরকারি ব্যবস্থাপনায় বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় পাট দিবস–২০২৬ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পাট খাতের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে পাটশিল্পের নানা প্রতিবন্ধকতা দূর করা, বন্ধ মিলগুলো চালু করা এবং কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে কাজ চলছে।
তিনি জানান, বন্ধ পাটকল চালুর নির্দিষ্ট সময়সীমা এখনও নির্ধারণ করা হয়নি। তবে এ বিষয়ে দ্রুত অগ্রগতি জানানো হবে। ইতোমধ্যে কয়েকটি মিল ইজারা দেওয়া হয়েছে এবং আরও কিছু মিল বেসরকারি ব্যবস্থাপনায় চালুর প্রক্রিয়া চলছে।
প্রতিমন্ত্রীর লিখিত বক্তব্যে বলা হয়, পাটশিল্পের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) অধীন মিলগুলো দীর্ঘমেয়াদি ইজারায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ইজারা দেওয়া নয়টি পাটকলে প্রায় সাত হাজার ২০০ শ্রমিক কাজ করছেন।
তিনি জানান, ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৪১৮ দশমিক ৬৯ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই আয় বেশি।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে কাঁচা পাট রপ্তানির কারণে দেশীয় পাটশিল্প কাঁচামালের সংকটে পড়ছে। একই সঙ্গে কাঁচা পাট রপ্তানি তুলনামূলকভাবে কম লাভজনক। এ কারণে কাঁচা পাটের পরিবর্তে প্রক্রিয়াজাত ও মূল্য সংযোজিত পাটপণ্য রপ্তানিতে জোর দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
তিনি আরও বলেন, পাটজাত পণ্যে মূল্য সংযোজন বেশি হওয়ায় এসব পণ্য রপ্তানিতে কর ছাড় ও নগদ সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
জাতীয় পাট দিবস উপলক্ষে আগামী ৬ থেকে ১৪ মার্চ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নয় দিনব্যাপী পাট ও পাটপণ্যের মেলার আয়োজন করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। উদ্যোক্তা, ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পাটের ব্যাগের ব্যবহার বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। খাদ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে সরকারিভাবে যে খাদ্য সহায়তা ও অনুদান—যেমন ভিজিএফ কর্মসূচি—বিতরণ করা হয়, সেখানে পাটের ব্যাগ ব্যবহারের সুযোগ বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।

































