বাজার সিন্ডিকেট, চাঁদাবাজি নির্মূলের কাজ চলছে :স্বরাষ্ট্রমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৮:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 151
দীর্ঘদিন ধরে চলে আসা বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, দ্রব্যমূল্য কৃত্রিমভাবে বাড়ানো ঠেকাতে এবং ব্যবসা-বাণিজ্যে স্বস্তি ফেরাতে সরকার সমন্বিত উদ্যোগ নিচ্ছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের লক্ষ্য একদিকে দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কার, অন্যদিকে মানুষের তাৎক্ষণিক প্রত্যাশার প্রতিফলন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ গড়ে তুলতে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা জরুরি।
তিনি বলেন, ১০ থেকে ১৫ বছর ধরে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতে প্রচলিত ধারা থেকে সরে এসে নতুন কৌশল নেওয়া হবে। একই সঙ্গে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোও সরকারের পরিকল্পনায় রয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় ও বড় শহরগুলোতে আগে কার্যক্রম শুরু করা হতে পারে। প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি প্রতিরোধ এবং পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় মন্ত্রীর সক্রিয় ভূমিকা কামনা করেন।
এ সময় সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালেম সোলায়মান ও সচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।































