এক বছরে ৬২ হাজার রোহিঙ্গা নারী ও তরুণদের সেবা

- সর্বশেষ আপডেট ০৮:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 198
রোহিঙ্গা নারী ও তরুণদের সেবায় প্রথম বছরেই ৬২ হাজারের বেশি মানুষকে সহায়তা দিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন–এর সহায়তায় পরিচালিত ‘রাইজিং টুগেদার’ প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা সেবা দেওয়া হচ্ছে।
ইউএনএফপিএর বিবৃতিতে বলা হয়েছে, প্রকল্পের আওতায় নারী, কিশোর-কিশোরী ও তরুণদের জন্য জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, মানসিক সহায়তা এবং জীবনমুখী দক্ষতা উন্নয়নের সেবা দেওয়া হয়েছে। নারী-বান্ধব কেন্দ্র ও যুব কেন্দ্রের মাধ্যমে এসব সেবা দেওয়া হয়, যেখানে গোপনীয় পরিবেশে পরামর্শ ও প্রয়োজনীয় সেবার রেফারেল সুবিধা রয়েছে।
তরুণদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ ও দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা সামাজিক অন্তর্ভুক্তি ও নেতৃত্বের সুযোগ পাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
ইউএনএফপিএর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, সুইজারল্যান্ডের সহায়তায় জীবনরক্ষাকারী সেবা টেকসই করা এবং নারী ও তরুণদের নেতৃত্বের সুযোগ বাড়ানো হচ্ছে। তিনি বলেন, নারী ও তরুণদের জন্য নিরাপদ পরিসরে বিনিয়োগ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
প্রকল্পটির লক্ষ্য রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক সংহতি শক্তিশালী করা। বিশেষভাবে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়ানো হচ্ছে। ‘ইয়ুথ ফর পিস’ কার্যক্রমের মাধ্যমে তারা শান্তি বিনির্মাণ, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ব বিষয়ে প্রশিক্ষণ পাচ্ছে।
ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন দীপক এলমার বলেন, শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও মানসিক সেবা নিশ্চিত করতে সুইজারল্যান্ড সহায়তা দিচ্ছে। তার মতে, নারী ও তরুণদের ক্ষমতায়নই দীর্ঘমেয়াদে টেকসই সমাজ গঠনের মূল ভিত্তি।
প্রকল্পের আওতায় তরুণদের উদ্যোগে বাগান, পাঠাগার ও শিক্ষাকেন্দ্র স্থাপন করা হচ্ছে, যা স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ ও পারস্পরিক যোগাযোগ বাড়াচ্ছে। মানসিক স্বাস্থ্যসেবা ও হেল্পলাইন কার্যক্রমের মাধ্যমে কুসংস্কার দূর করার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
প্রকল্পের দ্বিতীয় বছরে নারী ও তরুণদের ক্ষমতায়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ উদ্যোগের মাধ্যমে কক্সবাজার ও ভাসানচর–এ রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য টেকসই ও নিরাপদ পরিবেশ তৈরির চেষ্টা চলবে।





































