ফের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্বে হাবিবুল বাশার

- সর্বশেষ আপডেট ০৫:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 218
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব আবারও পেয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার। রোববার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু-র সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তি এ মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নতুন করে চুক্তি করতে অনাগ্রহ প্রকাশ করেন। এরপর থেকেই নতুন প্রধান নির্বাচক খোঁজার প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সবশেষে বোর্ডের সিদ্ধান্তে আবারও দায়িত্ব দেওয়া হয় হাবিবুল বাশারকে। এর আগে ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশ পুরুষ জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি নারী জাতীয় দলের নির্বাচক হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ালেও দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ক্রিকেট-জ্ঞানের কারণে তাকে পুনরায় দায়িত্বে আনা হলো। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।



































