রমজান ও সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার

- সর্বশেষ আপডেট ০৯:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 147
বিদ্যুৎ ঘাটতি থাকলেও রমজান ও আসন্ন সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে যশোর সার্কিট হাউজে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, ইফতার, তারাবি ও সেহরির সময় যাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশে বিদ্যুতের কিছু ঘাটতি রয়েছে। তবে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে জনদুর্ভোগ কমানো যায়, সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ খাতের বিভিন্ন সংকট ধীরে ধীরে সমাধান করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ জন্য জনগণের ধৈর্য ও সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।
আসন্ন বোরো মৌসুমের প্রসঙ্গ তুলে অনিন্দ্য ইসলাম অমিত জানান, রমজানের পরই সেচের চাহিদা বাড়বে। কৃষকদের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজন হলে অন্য খাতে রেশনিং করা হবে। সেচ মৌসুমে কৃষকদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া হয়েছে।
এর আগে সার্কিট হাউজ মিলনায়তনে জেলার বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। সেখানে জেলার বিদ্যুৎ খাতের সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনা তুলে ধরা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বৈঠকে পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এদিন সকালেই নিজ জেলা যশোরে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে সার্কিট হাউজে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

































