ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য

- সর্বশেষ আপডেট ০৪:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 123
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না বলে জানিয়েছে যুক্তরাজ্য। এ সিদ্ধান্ত ঘিরে ওয়াশিংটনের সঙ্গে লন্ডনের কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে।
ব্রিটিশ দৈনিক দ্য টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলার উদ্দেশ্যে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি লন্ডন। দীর্ঘদিনের সমঝোতা অনুযায়ী গ্লুচেস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মার্কিন বিমান মোতায়েন থাকে। এছাড়া ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ সামরিক স্থাপনা রয়েছে।
তবে এসব ঘাঁটি ব্যবহার করে কোনো তৃতীয় দেশে হামলা চালাতে হলে ব্রিটিশ সরকারের অনুমোদন প্রয়োজন। যুক্তরাজ্য স্পষ্ট করেছে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে তারা সেই অনুমতি দেবে না। লন্ডনের আশঙ্কা, সুস্পষ্ট আইনি ভিত্তি ছাড়া এমন অভিযানে অংশ নিলে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল হতে পারে।
এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি দাবি করেন, সম্ভাব্য হুমকি মোকাবিলায় দিয়েগো গার্সিয়া ও ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহার যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ইরানকে তিনি ‘অস্থিতিশীল ও বিপজ্জনক শাসন’ বলে উল্লেখ করেন।
এদিকে ২০২৫ সালে ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরির সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তর চুক্তি নিয়েও ট্রাম্প সমালোচনা করেন। তার ভাষ্য, আন্তর্জাতিক আইনের আওতায় যুক্তরাজ্যের সমর্থন বৈধ হবে এবং ইরান যুক্তরাজ্য বা তার মিত্রদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।
বিতর্কের সূত্রপাত হয় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের দেওয়া আল্টিমেটাম ঘিরে। এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর সঙ্গে আলোচনার পরই দুই দেশের মধ্যে প্রকাশ্য মতপার্থক্য সামনে আসে।
বিশ্লেষকদের মতে, ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান এবং যুক্তরাজ্যের আইনি সতর্কতার মধ্যে এই ভিন্নতা ট্রান্সআটলান্টিক সম্পর্কে নতুন চাপ তৈরি করতে পারে।




































