সরকারি কর্মকান্ডে দুর্নীতির সুযোগ নেই: ভূমিমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৪:১৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 80
সরকারের কর্মকাণ্ডে অনিয়ম বা দুর্নীতির কোনো সুযোগ নেই উল্লেখ করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সততা ও নৈতিকতার প্রশ্নে সরকার কোনো ধরনের আপস করবে না।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ অনুসরণ করেই বর্তমান সরকার পরিচালিত হচ্ছে।
জনগণের আস্থা অটুট রাখতে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।
ভূমিমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন এবং প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্বের সুযোগ পাওয়াকে তিনি রাজশাহীবাসীর সম্মান হিসেবে উল্লেখ করেন।
এটি ব্যক্তিগত অর্জন নয়, বরং এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ তৈরি হয়েছে বলেও জানান মন্ত্রী।
এ সময় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় রাজশাহীর সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং সেবাদানে স্বচ্ছতা নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়।




































