এক রাতে ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্রের হামলা চালালো রাশিয়া

- সর্বশেষ আপডেট ০৮:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 209
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি থাকলেও ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ থামেনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতভর রাশিয়া প্রায় ৪০০টি ড্রোন এবং বিভিন্ন প্রকারের ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৫টি ক্ষেপণাস্ত্র এবং ৩৬৭টি রুশ ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। ইউক্রেনীয় সংবাদ সংস্থা ইউক্রেনিফর্ম বিমানবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংস করা লক্ষ্যের মধ্যে ছিল ২০টি বি-১০১ এয়ার-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র, চারটি ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি বি-৫৯/৬৯ গাইডেড এয়ার-লঞ্চড ক্ষেপণাস্ত্র এবং ৩৬৭টি বিভিন্ন ধরনের ড্রোন, যার মধ্যে শাহেদ, গেরবেরা ও ইতালমাসসহ অন্যান্য ইউএভি অন্তর্ভুক্ত। তবে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৮টি হামলাকারী ড্রোন ১৩টি স্থানে আঘাত হেনেছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে সমন্বিত আক্রমণ হিসেবে উল্লেখ করে বলেন, ইউক্রেনের জ্বালানি খাতকে সর্বোচ্চ ক্ষতি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালানো হয়েছে। তিনি আন্তর্জাতিক অংশীদারদের কাছে আহ্বান জানিয়েছেন, এই হামলার জবাব দিতে হবে এবং রাশিয়ার আগ্রাসনের জন্য মস্কোকে জবাবদিহির আওতায় আনতে হবে।
জেলেনস্কি বলেন, ন্যায়বিচার ও শক্তিশালী অবস্থান থাকলে কূটনীতি আরও কার্যকর হবে। রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনীয় সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দ্রুত ও ধারাবাহিক সহায়তা দেওয়া জরুরি।
এদিকে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে জেনেভায় মার্কিন প্রতিনিধিদল ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও পৃথক বৈঠক করবে।
এর আগে ২৩ জানুয়ারি ত্রিদেশীয় বৈঠকে রাশিয়া যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করার নির্দেশ দেয়। এরপর আবু ধাবিতে আরেক দফা ত্রিদেশীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাব অনুযায়ী, ইউক্রেনের ক্রিমিয়া, লুহান্সক ও দোনেৎস্ক অঞ্চলকে কার্যত রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং ইউক্রেনের সামরিক বাহিনী সীমিত করতে হবে। প্রস্তাবনায় মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা ধীরে ধীরে প্রত্যাহারের কথাও বলা হয়েছে।



































