সৌদি আরবে ওমরাহ পালন শেষে দুর্ঘটনায় লক্ষ্মীপুরের ৫ জন নিহত

- সর্বশেষ আপডেট ০৬:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 180

মিজানুর রহমান মিজান (বামে), মোহাম্মদ জিলানী বাবর (গাড়ি চালক), মেহের আফরোজ, সুবহা আক্তার ও আহত ফাইজা আক্তার (৩ সন্তান ডানে)। ছবি: সংগৃহীত
সৌদি আরবে ওমরাহ পালন শেষে ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে আবহা শহরে, গত রোববার রাত প্রায় ৩টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা)।
নিহতরা হলেন রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামের মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মেহের আফরোজ সুমী (৩০), তাদের দুই কন্যা মোহনা (১৩) ও দেড় বছরের শিশু সুবাহ। একই ঘটনায় গাড়িচালক হোসেন মোহাম্মদ জিলানী (৩০) নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
মিজানুর রহমানের ১১ বছর বয়সী কন্যা ফাইজা আক্তার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মিজানুর রহমান দীর্ঘদিন ধরে আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে হজ ও ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন।
নিহতের বাড়িতে সোমবার সকালে শোকের মাতম দেখা যায়। পরিবার সূত্রে জানা গেছে, মা খুকি বেগম শোকে ভেঙে পড়েছেন, আর বাবা শহিদ উল্যাহ অসুস্থ হয়ে পড়েছেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, তারা বিষয়টি জানেন এবং মরদেহ দেশে আনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
































