ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
সবচেয়ে কম বয়সী হান্নান মাসউদ, সবচেয়ে বেশি মোশাররফ

- সর্বশেষ আপডেট ০৫:০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 83
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে এবার সংসদে প্রজন্মের বৈচিত্র্য চোখে পড়ছে। জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সী হল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, আর সবচেয়ে বয়সী বিএনপির খন্দকার মোশাররফ হোসেন। এ তথ্য বেসরকারি ফলাফল এবং প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে জানা গেছে।
খন্দকার মোশাররফ হোসেন ১৯৪৬ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স ৭৯ বছর ৪ মাস। তিনি কুমিল্লা–১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারি ফলাফলে ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. মনিরুজ্জামান পেয়েছেন ৯৪ হাজার ৮৪৫ ভোট। মোশাররফ হোসেন আগেও ২০০৮ সালে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তখন দ্বিতীয় হন, ৯৬ হাজার ৩৭৮ ভোট পেয়ে।
অন্যদিকে, নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে জয়ী হয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।
হলফনামা অনুযায়ী, হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। বর্তমানে তার বয়স ২৬ বছর ১ মাস। এবারের নির্বাচনই তার প্রথম প্রতিদ্বন্দ্বিতা।
জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পাওয়ার পর তিনি এনসিপিতে যোগ দেন এবং ১১ দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নেন।

































