যেভাবে জানবেন ঘরে বসেই ভোটার নাম্বার

- সর্বশেষ আপডেট ০৮:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 193
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। ভোটকেন্দ্রে গিয়ে অযথা সময় নষ্ট এড়াতে আগেভাগেই জেনে রাখা জরুরি ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য। অনেকেই এনআইডি নম্বরকেই ভোটার নম্বর মনে করেন, কিন্তু বাস্তবে দুটো আলাদা। ভোটার নম্বর জানা না থাকলে কেন্দ্রে গিয়ে তালিকা খুঁজতে বাড়তি সময় লাগতে পারে।
ভোটারদের স্বস্তির বিষয় হলো, এসব তথ্য জানার জন্য এখন আর কোথাও যেতে হচ্ছে না। ঘরে বসেই অনলাইন ও মোবাইলের মাধ্যমে চারটি সহজ উপায়ে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানা যাচ্ছে।
নির্বাচন কমিশনের উদ্যোগে চালু করা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ ব্যবহার করে ভোটাররা নিজেদের ভোটার নম্বর, ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা জানতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ অপশন নির্বাচন করে এনআইডি নম্বর ও জন্মতারিখ দিলেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
এ ছাড়া হটলাইন ১০৫-এ কল করেও ভোটার নম্বর জানা যাবে। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ ক্ষেত্রে ভোটারের এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রয়োজন হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু রয়েছে।
যারা এসএমএস ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC স্পেস এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে পারেন। ফিরতি বার্তায় ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমেও ভোটার নম্বর জানা সম্ভব। ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে গিয়ে এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করলে সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে। একই সঙ্গে কেন্দ্রের অবস্থান গুগল ম্যাপে দেখার সুবিধাও রয়েছে।
নির্বাচনের আগের এই সময়ে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য আগেভাগেই জেনে রাখা ভোটদানের অভিজ্ঞতাকে সহজ ও দ্রুত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



































