প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছরের সীমা চায় বিএনপি

- সর্বশেষ আপডেট ০৯:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 126
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন— এমন সাংবিধানিক বিধান চালুর প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবেই প্রথম এ বিষয়টি জাতির সামনে তোলা হয়েছিল, যা নথিভুক্ত রয়েছে।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, বিএনপি অনেক আগেই ৩১ দফার মাধ্যমে প্রধানমন্ত্রী পদে মেয়াদসীমা নির্ধারণের প্রস্তাব দেয়। পরে সরকার গঠিত সংস্কার কমিশনসহ বিভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে আলোচনা করলেও, এই উদ্যোগ সর্বপ্রথম বিএনপিই নিয়েছিল। “এটি ডকুমেন্টেড। কাজেই এই কৃতিত্ব আমরা নিতে চাই,” বলেন তিনি।
তারেক রহমান বলেন, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের আইনের মধ্যেই এমন ব্যবস্থা চালু করা হবে, যাতে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।
সাংবিধানিক সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে সুশীল সমাজ ও সাংবাদিকসহ বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিএনপির ৩১ দফায় এই অনুচ্ছেদকে পর্যায়ক্রমে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে। দুই-একটি বিষয় ছাড়া ধীরে ধীরে এটি উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হলে ভোটাধিকার ও নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থাকে যেকোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে। এমন নির্বাচন প্রয়োজন, যার ওপর দেশের মানুষের পূর্ণ আস্থা থাকবে।
তিনি আরও বলেন, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর ভূমিকা রেখেছিল। সে কারণে বিএনপি ৩১ দফায় এ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি তোলে।
তারেক রহমানের ভাষ্য, স্বৈরাচারী শাসনের সময় প্রায় আড়াই বছর আগে ৩১ দফা উপস্থাপনের সময়ই বিএনপি স্পষ্টভাবে জানায়, ক্ষমতায় এলে এবং সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হবে। বর্তমান সংস্কার কমিশনেও বিষয়টি আলোচিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
দলের একজন সদস্য হিসেবে এ উদ্যোগের কৃতিত্ব বিএনপিই প্রথম নিয়েছে বলে দাবি করেন তারেক রহমান।

































