বিএনপির ৫১ দফা, ৯ অঙ্গীকারে পাঁচ বছরের রূপরেখা

- সর্বশেষ আপডেট ০৬:৩০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 151
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “করবো কাজ, গড়ব দেশ” প্রত্যয়ে নিজেদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির এবারের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘সবার আগে বাংলাদেশ’।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন। আসন্ন নির্বাচনে তিনিই দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং এটি তার ঘোষিত প্রথম জাতীয় নির্বাচনি ইশতেহার।
বিএনপি জানিয়েছে, পাঁচ বছরের জন্য প্রণীত এই ইশতেহারে মোট ৫১টি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ৫টি অধ্যায়ে বিভক্ত। এর মধ্য থেকে ৯টি প্রধান প্রতিশ্রুতিকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দলটি।
৯ অগ্রাধিকার প্রতিশ্রুতি
ইশতেহারে জনকল্যাণ, অর্থনৈতিক পুনরুদ্ধার ও মানবিক রাষ্ট্র গঠনের কথা তুলে ধরে বিএনপি যে ৯টি মূল অঙ্গীকার করেছে, সেগুলো হলো—
ফ্যামিলি কার্ড: নিম্ন ও প্রান্তিক আয়ের পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে মাসে ২ হাজার ৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হবে, যা ধাপে ধাপে বাড়ানো হবে।
কৃষক কার্ড: কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালু করা হবে। ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা ও রাষ্ট্রীয় বাজার ব্যবস্থাপনার পাশাপাশি মৎস্য ও পশুপালন খাতও এর আওতায় আসবে।
স্বাস্থ্যব্যবস্থা সংস্কার: দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেলা ও মহানগরে মানসম্মত চিকিৎসা এবং মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
শিক্ষা সংস্কার: দক্ষতা ও মূল্যবোধভিত্তিক নতুন শিক্ষানীতি প্রণয়ন, প্রাথমিক শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব, প্রযুক্তি সহায়তা এবং প্রাথমিক স্তরে ‘মিড-ডে মিল’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
তরুণ ও কর্মসংস্থান: কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ সহায়তা, বৈশ্বিক ই-কমার্সে সংযুক্তি এবং মেধাভিত্তিক সরকারি নিয়োগ ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ক্রীড়া উন্নয়ন: খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
পরিবেশ ও জলবায়ু: পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ, ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন বা পুনঃখনন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর কথা বলা হয়েছে।
ধর্মীয় সম্প্রীতি: সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ কর্মসূচি চালুর অঙ্গীকার করা হয়েছে।
ডিজিটাল অর্থনীতি: আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপাল চালু, ই-কমার্স হাব স্থাপন এবং ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
ইশতেহারের ৫টি অধ্যায়
রাষ্ট্র সংস্কার ও সুশাসন: গণতন্ত্র পুনরুদ্ধার, সাংবিধানিক সংস্কার, বিচার বিভাগ ও প্রশাসনের জবাবদিহি, পুলিশ সংস্কার এবং শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ার অঙ্গীকার রয়েছে।
সামাজিক উন্নয়ন: দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা, নারী ক্ষমতায়ন, শিক্ষা-স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এই অধ্যায়ের মূল বিষয়।
অর্থনীতি পুনর্গঠন: অর্থনীতির গণতন্ত্রায়ণ, ব্যাংক ও পুঁজিবাজার সংস্কার, এফডিআই বৃদ্ধি, জ্বালানি, আইসিটি, ব্লু ইকোনমি ও সৃজনশীল অর্থনীতির উন্নয়নের মাধ্যমে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আঞ্চলিক উন্নয়ন: চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা, উত্তরাঞ্চল, হাওর ও উপকূলীয় এলাকার জন্য বিশেষ পরিকল্পনা এবং ঢাকাকে টেকসই মেগাসিটি বানানোর ঘোষণা দেওয়া হয়েছে।
ধর্ম, সংস্কৃতি ও গণমাধ্যম: ধর্মীয় সম্প্রীতি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ক্রীড়ার বিকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে।
‘নতুন রাষ্ট্রীয় চুক্তি’ বলছে বিএনপি
ইশতেহার ঘোষণায় বিএনপি বলেছে, এটি কেবল ভোটের প্রতিশ্রুতি নয়; বরং জনগণের সঙ্গে একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি। দলটির ভাষায়— রাজনীতির মূল দর্শন হবে লুটপাট নয় উৎপাদন, ভয় নয় অধিকার এবং বৈষম্য নয় ন্যায্যতা।
ইশতেহারের ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এর মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রথমবারের মতো পূর্ণাঙ্গ নির্বাচনি ইশতেহার ঘোষণা করল, যা দলটির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।



































