জনস্বাস্থ্য গবেষণায় সিআইপিআরবির ২১ বছর পূর্তি

- সর্বশেষ আপডেট ০৮:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 178
জনস্বাস্থ্য গবেষণায় দীর্ঘদিনের প্রমাণভিত্তিক অবদানের স্বীকৃতি হিসেবে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) একুশ বছরে পদার্পণ করেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সিআইপিআরবির কার্যালয়ের সভাকক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ২১তম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সিআইপিআরবির দুই দশকের বেশি সময়ের পথচলার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ড. সেলিম মাহমুদ চৌধুরী। তিনি হেলথ সিস্টেম রিসার্চ অ্যান্ড রোড ট্রাফিক ইনজুরি প্রিভেনশন ইউনিটের ডিরেক্টর এবং সিআইপিআরবির এডভাইসারি টিমের জেনারেল সেক্রেটারি হিসেবে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও গবেষণাভিত্তিক কার্যক্রমের কথা তুলে ধরেন।
ইনজুরি প্রতিরোধকে মূল লক্ষ্য হিসেবে নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে সিআইপিআরবি জনস্বাস্থ্যের বিস্তৃত পরিসরে কাজ সম্প্রসারণ করেছে। মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, মানসিক স্বাস্থ্য, সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধসহ নানা ক্ষেত্রে গবেষণা ও বাস্তবমুখী উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
একটি বিশ্বস্ত গবেষণা প্রতিষ্ঠান হিসেবে সিআইপিআরবি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত। আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে প্রতিষ্ঠানটির গবেষকদের প্রায় ২৩০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। পাশাপাশি দেশের অন্তত ১০টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যনীতি, গাইডলাইন ও কৌশলপত্র প্রণয়নে সিআইপিআরবির গবেষণালব্ধ তথ্য উল্লেখযোগ্য অবদান রেখেছে। বিশেষ করে পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমাতে সিআইপিআরবির গবেষণা তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘের দুটি পৃথক রেজুলেশনে অন্তর্ভুক্ত হওয়া প্রতিষ্ঠানটির বৈশ্বিক স্বীকৃতির প্রমাণ। এছাড়া শিশুদের ইনজুরি ও পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে গ্লোবাল রিপোর্ট প্রণয়ন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছে সিআইপিআরবি।
গবেষক, মাঠকর্মী ও স্বেচ্ছাসেবকসহ ছয় হাজারের বেশি কর্মীর সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি স্থানীয় জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও ক্ষমতায়নের মাধ্যমে টেকসই স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। গত একুশ বছরে সিআইপিআরবির কার্যক্রমের মাধ্যমে দেশের ৫৫ লাখের বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হয়েছেন এবং প্রায় ৬১ হাজার মানুষের দক্ষতা উন্নয়ন সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে অধ্যাপক ড. এম এ হালিম, ডিরেক্টর, রিপ্রোডাকটিভ অ্যান্ড চাইল্ড হেলথ ডিভিশন, সিআইপিআরবি ভবিষ্যৎ নেতৃত্বকে উদ্ভাবনী চিন্তা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও মানোন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
স্মৃতিচারণ পর্বে সিআইপিআরবির সদস্যরা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা ও গর্বের মুহূর্তগুলো ভাগ করে নেন এবং আগামী দিনে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানের উপ-নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমান ২১ বছরের অর্জন ও সাফল্যের সারসংক্ষেপ তুলে ধরেন এবং সিআইপিআরবির অগ্রগতির পেছনে সংশ্লিষ্ট সকলের নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগামীর দিকনির্দেশনা তুলে ধরে সিআইপিআরবির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. একেএম ফজলুর রহমান বলেন, “পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও প্রকল্প বাস্তবায়ন আরও জোরদার করা হবে। মানবকল্যাণের যে লক্ষ্য নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, তা অনুপ্রেরণা ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যাবে সিআইপিআরবির দক্ষ ও প্রতিশ্রুতিবদ্ধ সদস্যরা।” তিনি স্বাস্থ্যখাতের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, গবেষণা সংস্থা ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান।
সমাপনী বক্তব্যে কর্নেল ইমরান উল্লাহ সরকার, পিবিজিএম, পিবিজিএমএস (অব.), ডিরেক্টর, হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, সিআইপিআরবি সততা, নিয়মানুবর্তিতা ও আন্তরিকতার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান।





































