যুব বিশ্বকাপ ফাইনালের দায়িত্বে বাংলাদেশি আম্পায়ার

- সর্বশেষ আপডেট ০৪:৫৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 115
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি রেফারি মাসুদুর রহমান মুকুল। শুক্রবার জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হবে ফাইনাল, যেখানে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ডের যুব দল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে শিরোপার লড়াই।
ফাইনাল ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন লুবাবালো গকুমা ও শন হেইগ, তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন জাহিদ বাসারাথ, আর ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন গ্রায়েম লা ব্রুই।
মুকুল এর আগে ভারত ও আফগানিস্তানের সেমিফাইনালেও চতুর্থ আম্পায়ারের ভূমিকায় ছিলেন। চলমান যুব বিশ্বকাপের চারটি ম্যাচে তিনি অনফিল্ড আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ভারতের যুব দল এই টুর্নামেন্টে টানা ছয়বার এবং মোট দশবার ফাইনালে উঠেছে। পাঁচবার তারা শিরোপা জিতেছে। ইংল্যান্ডের শেষ জয় ১৯৯৭-৯৮ সালে, এবার তারা দীর্ঘ সময়ের বিরতির পর শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামছে।





































