আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক বিশ্ব রাজনীতিতে স্থিতিশীলতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে অনুষ্ঠিত এক ভিডিও কলে তিনি এই মূল্যায়ন তুলে ধরেন।
আরও পড়তে পারেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বুধবার অনুষ্ঠিত ভিডিও কলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৈশ্বিক রাজনীতিতে এর ভূমিকা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে পুতিনকে বলতে শোনা যায়, “ক্রমশ গোলযোগপূর্ণ হয়ে ওঠা আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে পররাষ্ট্রনীতির বিষয়ে মস্কো ও বেইজিংয়ের ঐক্যমত্য বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ উপাদান।”
তিনি দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার প্রশংসা করে এই সম্পর্ককে দীর্ঘমেয়াদি ও কৌশলগত অংশীদারত্ব হিসেবে উল্লেখ করেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভিও ভিডিও কলের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা এবং সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছেন।
সম্প্রতি দুই দেশের শীর্ষ কূটনীতিকরাও জানিয়েছেন, চীন–রাশিয়া সম্পর্ক চলতি বছর ‘নতুন যুগে’ প্রবেশ করবে এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা হবে।
২০২২ সালের শুরুতে ইউক্রেনে হামলা চালানোর পর পশ্চিমা বিশ্বে রাশিয়া রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একঘরে হয়ে পড়লেও, এ সময় চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেন প্রেসিডেন্ট পুতিন।
বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার জন্য চীন এখন অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে।
পুতিন ও শি নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন। সর্বশেষ গত ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষ উপলক্ষে তারা শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে গত সেপ্টেম্বরে বেইজিংয়ে সরাসরি বৈঠক করেন দুই নেতা, যেখানে পুতিন চীনের সামরিক কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। সে সময় তিনি মন্তব্য করেন, চীন–রাশিয়া সম্পর্ক ‘নজিরবিহীন পর্যায়ে’ পৌঁছেছে।
এর আগে গত বছরের মে মাসে প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া সফর করেন, যা দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের ধারাবাহিকতাকেই আরও জোরালো করে।





































