শিশুর প্রারম্ভিক বিকাশ ও পানিতে ডুবে মৃত্যু রোধে টেকসই উদ্যোগ

- সর্বশেষ আপডেট ০৭:৫৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 410
শিশু মৃত্যু রোধ ও প্রারম্ভিক শৈশব বিকাশ নিশ্চিতে সরকারি-বেসরকারি সমন্বয়ে টেকসই উদ্যোগ গ্রহণ এবং শিশু-বান্ধব সংবাদ প্রচারে গণমাধ্যমের ভূমিকা জোরদারের আহ্বান জানিয়েছেন বক্তারা।
আজ বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত “জাতি গঠনে শিশু-বান্ধব সাংবাদিকতা” শীর্ষক জাতীয় মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিশু একাডেমি এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিনারগোজ এর সহযোগিতায় গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি এই মতবিনিময় সভার আয়োজন করে। বাংলাদেশ সরকারের আইসিবিসি সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্পের নানা দিক তুলে ধরেন সংশ্লিষ্টরা।
সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমদ, এনডিসি। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আরজু আরা বেগম। সম্মানিত অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন প্রকল্পের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক শবনম মোস্তারী। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও আইসিবিসি প্রকল্প পরিচালক মো. আব্দুল কাদির। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও শিশু একাডেমি (আইসিবিসি প্রকল্প)-এর প্রোগ্রাম ম্যানেজার মো. তারিকুল ইসলাম চৌধুরী ।
সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এশা হুসেইন জাতি গঠনে শিশু-বান্ধব সাংবাদিকতা বিষয়ক ধারণা দেন। এছাড়াও বক্তব্য দেন মাল্টিসেক্টরাল ওয়ার্কিং গ্রুপের জলবায়ু পরিবর্তনের আহ্বায়ক এবং বাংলাদেশ ইসিডি নেটওয়াকের ভাইস-চেয়ার ও বিশেষজ্ঞ আলোচক মাহমুদা আক্তার।
“আস্থায় হাত ধরি, শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ি” শীর্ষক সেশনে বক্তব্য দেন- পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর–৭ এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আল আমিন সরকার, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমদ, চর্চা ডটকমের সম্পাদক সোহরাব হাসান, দৈনিক প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী, চ্যানেল ২৪ এর হেড অব নিউজ জহিরুল আলম, চ্যানেল আই এর প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন, দৈনিক মানবজমিনের বাতা সম্পাদক কাজল ঘোষ, একাত্তর টেলিভিশনের নিউজ হেড শাহনাজ শারমীন, দৈনিক যুগান্তরের সহকারী সম্পাদক শুচি সৈয়দ, দৈনিক আমার দেশ এর সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান রুমী, নেত্রকোনার সিনিয়র রিপোটার আল্পনা বেগম প্রমুখ।
ধন্যবাদ জ্ঞাপন করেন সিনারগোস বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ রিজওয়ান খান। মমতাজ আহমদ এনডিসি বলেন, শিশুদের প্রারম্ভিক যত্ন ও বিকাশ নিশ্চিত করা এবং পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের জন্য সরকারের উদ্যোগগুলো সম্প্রসারণের কাজ চলছে। এ বিষয়ে গণমাধ্যমে ব্যাপক প্রচার প্রয়োজন।
তিনি বলেন, আমাদের দেশে সমস্যাগুলোর একটি জন্মনিবন্ধন করা। যেখানে বিদেশে জন্মগ্রহণের সাথে সাথে জন্মনিবন্ধন করা হয়। আমাদের দেশে জন্মনিবন্ধন করা হয় বিভিন্ন সময়ে। এতে একটা ঘাটতি রয়েছে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করতে পারি, হাসপাতালে শিশু জন্মের সাথে সাথেই তার জন্মনিবন্ধন করা। গ্রামেগঞ্জের শিশুদের জন্মনিবন্ধন করার জন্য একজনকে দায়িত্ব দেওয়া যেতে পারে। কমিউনিটিকে দায়িত্ব দেওয়ার সময় বলে দেওয়া, কি কি দায়িত্ব পালন করবে।
তিনি আরো বলেন, ৮ হাজার ২০টি ডে কেয়ার সেন্টারের জায়গা আমরা কমিউনিটি থেকে পেয়েছি। কেউ কেউ ঘরও তৈরি করে দিয়েছেন। আমরা খেলার সামগ্রী, শিক্ষা উপকরণ দিয়েছি। অথচ সরকারের টাকায় এই কেন্দ্রগুলো করলে অনেক টাকা লাগতো। কমিউনিটির সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।
শবনম মোস্তারী বলেন, স্থানীয় পর্যায়ে শিশুদের সাঁতার প্রশিক্ষণ ও সুরক্ষা কার্যক্রমের সফলতা ও চ্যালেঞ্জের দিকগুলো গণমাধ্যমে আরও গুরুত্ব দিয়ে তুলে ধরা প্রয়োজন।
মো. আব্দুল কাদির আইসিবিসি প্রকল্পের মাধ্যমে টেকসই সমাধান, অভিভাবকের সঙ্গে শিশুর বিকাশ সংক্রান্ত তথ্য শেয়ার এবং সঠিক প্যারেন্টিংয়ের গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের শিশুদের সাঁতার প্রশিক্ষণ ও সুরক্ষা কার্যক্রম প্রচারের আহ্বান জানান তিনি।
আইসিবিসি প্রকল্পের আওতায় পানিতে ডুবে মৃত্যু রোধে কমিউনিটি ভিত্তিক শিশু যত্ন কেন্দ্র স্থাপন, ১–৫ বছর বয়সী শিশুদের প্রারম্ভিক বিকাশ সহায়তা এবং ৬–১০ বছর বয়সী শিশুদের জীবনরক্ষাকারী সাঁতার ও নিরাপত্তা কৌশল শেখানো হচ্ছে।
মো. তারিকুল ইসলাম চৌধুরী জানান, স্থানীয় পর্যায়ে স্বল্পখরচে পানিতে ডোবা শিশু সুরক্ষায় আমরা প্রকল্পটির কাযক্রম পরিচালনা করতে পেরেছি।
বাংলাদেশে সব বয়সী ১৯ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। আর ৫ বছর বয়সী প্রতিদিন মারা যাচ্ছে ৩০ জন শিশু। বিশ্বস্বাস্থ্য সংস্থা এ নিয়ে কাজ করছে। ১০ থেকে ১৭ বছর বয়সী শিশুদের সাঁতারের আওতায় আনলেই এই মৃত্যু রোধ করা সম্ভব।
তিনি বলেন, এই প্রকল্পের আওতায় দেশের ১৬ জেলায় ৬–১০ বছর বয়সী ৩ লাখ ৬০ হাজার শিশুকে জীবনরক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে । ৮ হাজার ২০টি কমিউনিটি ভিত্তিক শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে প্রায় ২ লাখ ৫০০ শিশুকে প্রারম্ভিক বিকাশ সহায়তা প্রদান করা হয়েছে। শিশুর মৃত্যুঝুঁকি কমিয়ে আনাই ছিল এই প্রকল্পের উদ্দেশ্য। সেসঙ্গে কম্যুনিটি বেইসড চাইল্ড কেয়ার স্থাপন করা।
২০২৪ সালে সম্পন্ন ন্যাশনাল হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে অনুযায়ী, বাংলাদেশে প্রতিদিন পানিতে ডুবে মারা যাচ্ছে ৫১ জনের বেশি মানুষ, যার ৭৫ শতাংশের বেশি শিশু। প্রতিদিন প্রায় ৪০ জন শিশু, যা ১–৪ বছর বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ।
এশা হুসেইন বলেন, ১ থেকে ৫ বছর শিশুর জন্য একটি সম্ভাবনাময় ও গুরুত্বপূর্ণ সময়। এসময় অনেক ঘটনা- দুর্ঘটনা ঘটে। বিশ্বের মধ্যে বাংলাদেশে ঝুঁকিতে রয়েছে পানিতে ডোবা শিশু। পানিতে ডুবে শিশু মৃত্যুর কারণে ১ শতাংশ জিডিপি ক্ষতি হচ্ছে। অপুষ্টির কারণে বা শিশু যদি সুস্থ না থাকে তাহলে সে স্কুলে ভতি হলেও অনুপস্থিত থাকে।
তিনি বলেন, প্রকল্পটির অন্যতম বৈশিষ্ট্য হলো স্থানীয় জনগণের মাধ্যমে এর বাস্তবায়ন। শিশুযত্ন কেন্দ্রের জন্য আলাদা ঘর কেনা বা ভাড়া নেওয়া হয় না। স্থানীয়রাই তা প্রদান করেন।
তিনি জানান, নাগরিক সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ এলাকার শিশুদের নিয়েই প্রকল্পের দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রস্তুতি চলছে। আমরা তার জীবনের শুরুতে যদি গল্প বদলে দিতে পারি। তাহলে আমরা বদলে দিতে পারি তার সারা জীবনের গল্প। আমরা বদলে দিতে পারি পরিবার, সমাজ দেশের গল্প।
ড. মো. আল আমিন সরকার বলেন, শিশুদের উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোর প্রভাব মূল্যায়ন করে নতুন উদ্যোগ গ্রহণ ও পুরনোগুলোর সম্প্রসারণ করা প্রয়োজন।
সভাপতির বক্তৃতায় মোসা. আরজু আরা বেগম উন্নয়ন সহযোগী ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে শিশুদের জন্য দেওয়া উদ্যোগগুলোর পাশে থাকার আহ্বান জানান ।
বিশেষজ্ঞ আলোচক মাহমুদা আক্তার, বলেন, মাল্টিসেক্টরাল সমন্বয় চ্যালেঞ্জিং হলেও গণমাধ্যমের মাধ্যমে উদ্যোগগুলো কার্যকরভাবে সারাদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব।
মোহাম্মদ রিজওয়ান খান বলেন, ২০২২ সালে শুরু হওয়া প্রকল্পটি সফলভাবে ২০২৫ সালে শেষ হয় । বর্তমানে দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নাধীন। এই পর্যায়ে আরও ১৪ জেলায় ৬–১০ বছর বয়সী ৫ লাখ ২০ হাজার শিশুকে সাঁতার প্রশিক্ষণ এবং ৩ লাখ ২০ হাজার শিশুকে প্রারম্ভিক বিকাশ সহায়তা দেওয়া হবে।
আলোচনায় বক্তারা বলেন, “শিশুদের শিক্ষা, সুরক্ষা ও মানবিক বিকাশ নিশ্চিত হলে টেকসই জাতি গঠন সম্ভব। পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধযোগ্য—এ বিষয়ে সচেতনতামূলক ও সংবেদনশীল প্রতিবেদন প্রয়োজন।”

































