নরসিংদীতে এলপিজি সংকট নিরসনে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

- সর্বশেষ আপডেট ০৫:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 529
নরসিংদীতে সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট নিরসনে জেলা প্রশাসনের নির্দেশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাজার মনিটরিংসহ একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি এলজি) ও নরসিংদী পৌর প্রশাসক শিউলি রহমান তিন্নি, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ইউনুছ মিয়া, নরসিংদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুল হক, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মোহাম্মদ আলী জিন্নাহ, মাধবদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও এলপিজি ব্যবসায়ী সংগঠনের নেতারা।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, দেশজুড়ে গত এক সপ্তাহের বেশি সময় ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার নিয়ে সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গ্রাহক ভোগান্তি কমাতে জেলা প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। বাজার মনিটরিং জোরদার করা হবে এবং অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।
তিনি আরও বলেন, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট এলপিজি কোম্পানির নামসহ নির্ধারিত মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে। কোনো ব্যবসায়ী পণ্য মজুদ করে অতিরিক্ত মুনাফার আশায় গ্রাহকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইনানুগ পদক্ষেপ নেবেন- এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
জেলা প্রশাসক বলেন, দেশের মানুষকে স্বস্তিতে রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকার ও প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীদেরও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।


































