১৮তম বিজিএস পরীক্ষায় ববির তিন শিক্ষার্থী সিভিল জজ

- সর্বশেষ আপডেট ১২:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 145
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজিএস) পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের তিন শিক্ষার্থী সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) পরীক্ষার ফল প্রকাশের পর বিষয়টি জানা যায়।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীনে অনুষ্ঠিত প্রাথমিক, লিখিত ও মৌখিকসহ বিভিন্ন ধাপের পরীক্ষা শেষে তাদের সিভিল জজ পদে সুপারিশ করা হয়।
সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ৭ম ব্যাচের জান্নাতুল আইশা, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ ব্যাচের জয়ন্ত হালদার এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ৪র্থ ব্যাচের মো. নাইম হোসাইন।
প্রকাশিত ফলাফলে জান্নাতুল আইশা মেধাতালিকায় ১৫তম এবং জয়ন্ত হালদার ৬৭তম স্থান অর্জন করেছেন। একই পরীক্ষায় মো. নাইম হোসাইনও সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে জয়ন্ত হালদার বলেন, দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য ও একাগ্রতার পর এ সাফল্য অর্জন করতে পেরে তিনি আনন্দিত। এটি শুধু চাকরি বা অর্জন নয়, মানুষের সেবা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার বড় দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
জয়ন্ত বলেন, এই দীর্ঘ যাত্রায় পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের অবদান অপরিসীম। তাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন ছাড়া এ পথ অতিক্রম করা সম্ভব হতো না। মেধাতালিকায় ৬৭তম স্থান অর্জন করায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, যেন সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারেন।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. কাইসার আহমেদ বলেন, ১৮তম বিজিএস পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত তিন শিক্ষার্থীকে বিভাগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। তিনি আশা করেন, তারা কর্মক্ষেত্রে মেধা, দক্ষতা ও সততার মাধ্যমে দেশ, জাতি ও বিচার বিভাগের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং বিশ্ববিদ্যালয় ও আইন বিভাগের সুনাম অক্ষুণ্ন রাখবেন।
তিনি আরও বলেন, তিন শিক্ষার্থীর এই অর্জন বিভাগের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একই সঙ্গে পরীক্ষার বিভিন্ন ধাপে উত্তীর্ণ হয়েও যারা চূড়ান্তভাবে সফল হতে পারেননি, তাদের অধ্যবসায় ও প্রচেষ্টার প্রতিও শুভকামনা জানান তিনি।
তিন শিক্ষার্থীর সাফল্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগসহ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।































