বিশ্ব শিক্ষক দিবসে
১০১ গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

- সর্বশেষ আপডেট ০৪:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 148
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও দুই লাখ টাকা করে তুলে দেওয়া হয়।
জাতীয় স্টিয়ারিং কমিটির চূড়ান্ত করা ৯৫ জনের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও ছয়জন শিক্ষককে নিয়ে এবার মোট ১০১ জনকে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে। তবে সম্মাননাপ্রাপ্ত কোনো শিক্ষকের বিরুদ্ধে পরবর্তীতে বিরূপ মন্তব্য বা তথ্য পাওয়া গেলে তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার বিধান রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিক পর্যায়ের ২০ জন এবং কলেজ পর্যায়ের ২৫ জন রয়েছেন। প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের আটজন ও মাদ্রাসার দুজন রয়েছেন।
মাধ্যমিক পর্যায়ে সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার পাঁচজন এবং মাদ্রাসার পাঁচজন শিক্ষক রয়েছেন। কলেজ পর্যায়ে সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার পাঁচজন এবং মাদ্রাসার পাঁচজন শিক্ষক সম্মাননা পেয়েছেন।
এ ছাড়া সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষকের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুজন রয়েছেন। চিকিৎসা শিক্ষায় ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিনজন এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। এর বাইরে প্রধানমন্ত্রীর নির্বাচিত ছয়জন শিক্ষকও পেয়েছেন এই সম্মাননা।































