হাসুয়া দিয়ে মাকে হত্যা, বাবাকে জখম; ছেলে আটক
- সর্বশেষ আপডেট ০৩:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 51
রাজশাহীর মোহনপুরে হাসুয়া দিয়ে কুপিয়ে জান্নাতুন (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে আমিনুল ইসলামের বিরুদ্ধে। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুলের হামলায় তার বাবা মুজিব সরদারও গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আমিনুলকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমিনুল মাদক সেবন করতেন বলে পরিবারের অভিযোগ। এ নিয়ে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে তার বিরোধ হতো। তাকে নিয়ন্ত্রণে আনতে পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
এরই মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে বাড়িতে মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন আমিনুল। পরে ঘটনাস্থলেই জান্নাতুনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে মুজিব সরদারকেও হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার পর স্থানীয়রা আমিনুলকে আটক করে পুলিশে খবর দেন। পরে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ঘটনার কারণ ও পারিবারিক বিরোধের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধসহ সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।































