হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৫:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 5
টানা ভারী বৃষ্টিতে হাওড়াঞ্চলে ফসলের ক্ষতির প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, ক্ষতির তালিকা করে আগামী তিন মাস ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।
বুধবার (২৯ এপ্রিল) সংসদে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। হাওড় অঞ্চলে প্লাবন ও কৃষকদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ওই সংসদ সদস্য।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে আগেই সংশ্লিষ্ট জেলাগুলোর প্রশাসনকে সতর্ক করা হয়েছিল। সাম্প্রতিক বৃষ্টিপাতে সুনামগঞ্জসহ কয়েকটি এলাকায় পরিস্থিতি জটিল হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে হাওড় ও আশপাশের এলাকায় যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দ্রুত সহায়তার আওতায় আনার কথা বলেন তিনি।































