…শিশুমৃত্যু ও মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘোরার অভিযোগ নাকচ আদ্-দ্বীনের
- সর্বশেষ আপডেট ০৬:৫৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / 22
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়া আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধির কারণে কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সঙ্গে হাসপাতালের লাইসেন্স রক্ষায় ঘুষের চেষ্টা বা মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘোরার অভিযোগও নাকচ করেছে তারা।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মো. মহিউদ্দিন বলেছেন, হাসপাতালের বিভিন্ন কক্ষে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা পরীক্ষা করা হচ্ছে এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তা নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। ভবনের ভেতরে থাকা বেকারিও স্থানান্তরের প্রক্রিয়ায় রয়েছে।
সোমবার (১৫ জুন) এক জরুরি ব্রিফিংয়ে তিনি বলেন, কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির কারণে শিশুদের মৃত্যু হয়েছে—এমন দাবি সঠিক নয়। এ ঘটনায় কোনো শিশুর মৃত্যু ওই কারণে হয়নি।
হাসপাতালের লাইসেন্স টিকিয়ে রাখতে ঘুষের চেষ্টা বা অর্থ লেনদেনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তারা কখনও মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘোরেননি। এ ধরনের কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট মন্ত্রীই এ বিষয়ে বক্তব্য দিতে পারবেন।
লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপিল করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে হাসপাতাল ভবনটি চিকিৎসাসেবার জন্য অনুপযোগী বলে সরকার কারিগরি ও আইনি ভিত্তিতে প্রমাণ করতে পারলে ভবনটি ভেঙে ফেলার কথাও উল্লেখ করেন।
এদিকে হাসপাতালের সেবার মান উন্নয়নে চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডা. মহিউদ্দিন।
উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার তদন্ত শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। সরকারের দাবি, তদন্ত প্রতিবেদনের পর হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।






























