স্বাস্থ্য খাতে চীনের সহায়তা আহ্বান

- সর্বশেষ আপডেট ০৮:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 142
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চীনের চলমান সহযোগিতা আরও বিস্তৃত করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম ও মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সমন্বয় বাড়ানোর বিষয়টি তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ আহ্বান জানান।
আলোচনায় তিনি বলেন, বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষার কীট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহে চীনের সহযোগিতা অব্যাহত থাকলে দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হতে পারে।
পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসন সুবিধা গড়ে তুলতেও চীনের সহায়তা কামনা করেন তিনি।
এক হাজার বেডের একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রসঙ্গ টেনে মন্ত্রী আশা প্রকাশ করেন, এ প্রকল্পে চীন তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। বৃহৎ পরিসরের এমন একটি প্রতিষ্ঠান দেশের বিশেষায়িত চিকিৎসাসেবায় নতুন মাত্রা যোগ করতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জবাবে জানান, প্রস্তাবিত হাসপাতালটি সাধারণ কিংবা বিশেষায়িত—যে ধরনেরই হোক, নির্মাণে চীন সহযোগিতা করতে প্রস্তুত।
তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে জরুরি পরিস্থিতিতে—মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসহ—চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে এসেছে।
এছাড়া রোবোটিক রিহেবিলিটেশন সেন্টারে ৮২টি যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে এবং বাংলাদেশি মেডিকেল কর্মীদের চীনে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে।
উচ্চশিক্ষায় নিয়োজিত চিকিৎসক ও গবেষকদের আবাসনের বিষয়েও সহযোগিতার আগ্রহ রয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত প্রস্তাবিত এক হাজার বেডের হাসপাতালটি উত্তরবঙ্গে স্থাপনের পক্ষে মত দেন। তার যুক্তি, অবকাঠামো ও বিশেষায়িত চিকিৎসাসেবায় পিছিয়ে থাকা এ অঞ্চলে এমন একটি প্রতিষ্ঠান স্থাপিত হলে আঞ্চলিক বৈষম্য কিছুটা হলেও কমতে পারে।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ও স্বাস্থ্য সচিব (রুটিন দায়িত্ব) খোরশেদ আলম। ঢাকায় চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেংও আলোচনায় অংশ নেন।

































