সোমবার চূড়ান্ত হবে স্থানীয় নির্বাচনের রোডম্যাপ

- সর্বশেষ আপডেট ০৬:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 165
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু হবে, কত ধাপে অনুষ্ঠিত হবে এবং কোন নির্বাচন আগে হবে; এসব বিষয়ে আগামী সোমবার (১২ অক্টোবর) রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, সোমবার কমিশনের সভা রয়েছে। ওই সভায় স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করে তা প্রকাশ করা হবে।
সানাউল্লাহ জানান, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার প্রস্তুতি নিচ্ছে কমিশন।
এদিকে বাংলাদেশের মতো প্রবাসী ভোটিং ব্যবস্থা চালুর বিষয়ে কারিগরি সহায়তা চেয়েছে নেপাল নির্বাচন কমিশন। এ নিয়ে দুই দিন ধরে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে নেপালের একটি প্রতিনিধিদল। বাংলাদেশের আইটি-সমর্থিত পোস্টাল ভোটিং ব্যবস্থা সম্পর্কে কারিগরি সহযোগিতা নিতে আগ্রহ প্রকাশ করেছে তারা।
বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনসহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
তবে স্থানীয় সরকার নির্বাচনের বিস্তারিত সময়সূচি, ধাপ এবং কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে; এসব বিষয়ে সোমবার কমিশনের সভার পরই স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ।


































