সেমিফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার
- সর্বশেষ আপডেট ১১:১৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 8
এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ১৩ ওভারে নামিয়ে আনা ম্যাচে ১১১ রানের লক্ষ্য পায় পাকিস্তান। সাহিবজাদা ফারহানের দল ১১.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। টস জিতে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ।
শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১৭ রানে তানজিদ হাসান ৭ রান করে আরাফাত মিনহাসের বলে সাহিবজাদা ফারহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর অধিনায়ক লিটন দাসও বেশিক্ষণ টিকতে পারেননি। সাইম আইয়ুবের বলে বোল্ড হয়ে মাত্র ২ রান করেন তিনি।
তৃতীয় উইকেটে পারভেজ হোসেন ইমনও ব্যর্থ হন। আরাফাত মিনহাসের বলে মোহাম্মদ ওয়াসিমের হাতে ক্যাচ দিয়ে ১ রানেই সাজঘরে ফেরেন তিনি। এরপর সাইফ হাসান ১৯ রান করে সুফিয়ান মুকিমের বলে এলবিডব্লিউ হলে ৫০ রানের আগেই চার উইকেট হারায় বাংলাদেশ।
পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেনের জুটি দলকে বিপর্যয় থেকে টেনে তোলে। দ্রুত রান তুলতে থাকা হৃদয় ২৫ বলে ৪২ রান করে মুকিমের বলে মিডউইকেটে ক্যাচ দিলে ভাঙে এই জুটি। এরপর ১১ রান করা মোসাদ্দেকও মুকিমের শিকার হন। ৯৯ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর শেখ মেহেদী ও রিশাদ হোসেনের ব্যাটে শেষ পর্যন্ত ১১১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ইনিংসের শেষ বলে রানআউট হন মেহেদী।
জবাবে প্রথম ওভারেই পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে ভালো শুরু এনে দেন মেহেদী। মাত্র ১ রান করে হৃদয়ের হাতে ক্যাচ দেন ফারহান। দ্বিতীয় ওভারেও উইকেট পায় বাংলাদেশ। নাসুম আহমেদের বলে ১৫ রান করা মাজ সাদাকাত ক্যাচ দিয়ে ফেরেন।
এরপর সাইম আইয়ুবের ঝোড়ো ব্যাটিংয়ে চাপে পড়ে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের এক ওভারের প্রথম তিন বলে দুটি ছক্কা ও একটি চার মারেন সাইম। তবে ওভারের শেষ বলে ক্যাচ তুলে দিয়ে ১২ বলে ২১ রান করে ফেরেন তিনি। সপ্তম ওভারে উসমান খান ১৪ রান করে আউট হলে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৬৯ রান।
তবে শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় পাকিস্তান। দশম ওভারে মুস্তাফিজুর রহমান ২৩ রান খরচ করলে বাংলাদেশের ম্যাচে ফেরার আশা কার্যত শেষ হয়ে যায়। দুই ওভারে ৪১ রান দেন এই বাঁহাতি পেসার।
শেষ পর্যন্ত আব্দুল সামাদের ১৫ বলে অপরাজিত ৩০ রানের ঝোড়ো ইনিংসে ১১.৩ ওভারেই জয় নিশ্চিত করে পাকিস্তান। ৬ উইকেটের এই পরাজয়ে এশিয়ান গেমসের সেমিফাইনাল থেকেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়।



















