সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নেই, প্রশাসন একপেশে: জামায়াত

- সর্বশেষ আপডেট ০৮:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 149
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এবং প্রশাসনের একটি অংশ একতরফা আচরণ করছে।
রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব অভিযোগ তুলে ধরেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের।
তিনি বলেন, পটুয়াখালীর বাউফলে জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি এলাকায় পুলিশ চরম পক্ষপাতমূলক ভূমিকা পালন করছে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আচরণকে একপেশে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামায়াতের কার্যালয়ে অভিযান চালানো হচ্ছে। এই কর্মকর্তা বহাল থাকলে সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করে তার প্রত্যাহার চাওয়া হয়েছে।
অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, ঢাকা-১৫ আসনে, যেখানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং পাবনাসহ বিভিন্ন এলাকায় নিয়মিত হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটছে। পাবনায় জেলা আমিরের ওপর হামলা, মোটরসাইকেল পোড়ানো এবং নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনার পরও স্থানীয় প্রশাসন ও ইউএনওরা কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না।
নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের ওপর শারীরিক নির্যাতন ও হেনস্তার অভিযোগ করে তিনি বলেন, বাউফল, পাবনা ও ঢাকাসহ বিভিন্ন স্থানে নারী ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। একই সঙ্গে জামায়াতের পক্ষ থেকে লক্ষাধিক বোরকা তৈরি করা হচ্ছে এমন প্রচারণাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত গুজব’ হিসেবে আখ্যা দেন তিনি। তার দাবি, নারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে তাদের ভোটমুখী হওয়া ঠেকাতেই এসব অপপ্রচার চালানো হচ্ছে।
১১টি নারী সংগঠনের পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের আবেদনের প্রসঙ্গে অ্যাডভোকেট জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী নারীদের সর্বোচ্চ সম্মান দিয়ে দেখে। তিনি জানান, জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় তদন্তে বঙ্গভবনের এক কর্মকর্তার ইমেইল থেকে ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। এটি জামায়াতের প্রতি নারী সমর্থনের বৃদ্ধি ঠেকানোর একটি চক্রান্ত বলেও দাবি করেন তিনি।
ইসি বৈঠকের বিষয়ে তিনি বলেন, জামায়াতের পক্ষ থেকে প্রার্থীদের নিরাপত্তা, কেন্দ্রীয় নেতাদের চলাচলের জন্য গাড়ি ও পাস ইস্যু, এবং সাংবাদিকদের নির্বিঘ্নে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচনী অনিয়মের বিষয়গুলো কূটনীতিকদেরও অবহিত করা হচ্ছে বলে জানান তিনি।


































