সুন্দরবনে ২২ জেলে আটক, ৪১০ কেজি মাছ জব্দ

- সর্বশেষ আপডেট ১০:৪৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / 314
পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে ২২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় দুটি ট্রলার, মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এবং ৪১০ কেজি শাপলা পাতা মাছ জব্দ করা হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মাছ আহরণের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক জেলেরা পটুয়াখালী ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বন বিভাগ।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, অনুমতি ছাড়াই সংরক্ষিত এলাকায় প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করছিলেন জেলেরা। অভিযানকালে দুটি ট্রলারসহ মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া নৌকা থেকে বিপন্ন প্রজাতির শিকার নিষিদ্ধ ৪১০ কেজি শাপলা পাতা মাছ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেটের নির্দেশে উদ্ধার করা শাপলা পাতা মাছ নদীর চরে মাটি চাপা দেওয়া হয়েছে।
তবে আটক জেলেদের দাবি, তারা বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন। ঘন কুয়াশার কারণে পথ ভুলে মান্দারবাড়িয়া এলাকার কাছাকাছি চলে আসেন। তাদের দাবি, সুন্দরবনের অভ্যন্তরীণ নদীতে তারা মাছ ধরেননি।































