সুদানে হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

- সর্বশেষ আপডেট ০৩:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / 102
সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে তিন বছর ধরে চলমান গৃহযুদ্ধের মধ্যে দারফুর অঞ্চলের একটি হাসপাতালে ভয়াবহ হামলায় ১৩ শিশুসহ অন্তত ৬৪ জন নিহত হয়েছেন।
সুদানের পূর্ব দারফুরের আল দাইন শহরের একটি হাসপাতালে শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ছাড়াও দুইজন নারী নার্স ও একজন চিকিৎসক রয়েছেন।
হামলার পর হাসপাতালটির জরুরি সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে ওই অঞ্চলের আগে থেকেই সংকটাপন্ন স্বাস্থ্য পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আহত হয়েছেন অন্তত ৮৯ জন, যাদের মধ্যে কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় হাসপাতালের শিশু বিভাগ, প্রসূতি বিভাগ এবং জরুরি বিভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পুরো স্থাপনাটিই এখন কার্যত অকার্যকর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সুদানে চলমান সংঘাতে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো বারবার হামলার শিকার হচ্ছে। এখন পর্যন্ত দুই শতাধিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে, আর এসব হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে শুরু হওয়া সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। এই সংঘাতকে বর্তমানে বিশ্বের বড় মানবিক সংকটগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। এতে ইতোমধ্যে কোটি মানুষের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
তবে এই নির্দিষ্ট হামলার জন্য দায়ী পক্ষ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানা যায়নি। সংঘাতের দুই পক্ষের বিরুদ্ধেই বিভিন্ন সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান অবিলম্বে সংঘাত থামানোর আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, এই সহিংসতা আর দীর্ঘায়িত হলে সাধারণ মানুষের দুর্ভোগই কেবল বাড়বে।


































