সীমান্তে পাল্টাপাল্টি আটকের ঘটনায় উত্তেজনা
- সর্বশেষ আপডেট ০৮:০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 93
পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোত সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এক ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয়রা। পরে তাকে বিজিবি ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে সাতমেরা ইউনিয়নের বিরাজোত সীমান্তের মেইন পিলার ৭৪২-এর ১২ নম্বর সাব-পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩৫)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার বাসিন্দা এবং মিশ্রিলাল গোপের ছেলে বলে জানা গেছে। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অমরখানা ক্যাম্পের আওতাধীন বিরাজোত সীমান্তে গত বুধবার সকালে হারানো গরু খুঁজতে যান ৭৮ বছর বয়সী কৃষক তমিজ উদ্দিন। পরে সীমান্তের বাংলাদেশ অংশ থেকে তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা ধরে নিয়ে যান বলে অভিযোগ পরিবারের।
এরপর শনিবার সকালে ভারতীয় নাগরিক দীপঙ্কর সীমান্তসংলগ্ন এলাকায় চা-বাগানে কাজ করার সময় বাংলাদেশের আখখেতে প্রবেশ করেন। তখন স্থানীয়রা তাকে আটক করেন।
স্থানীয়রা জানান, তমিজ উদ্দিন বয়স্ক এবং কানে কম শোনেন। পাশাপাশি ঠিকমতো হাঁটতেও পারেন না। গরু খুঁজতে গিয়ে তিনি সীমান্তের কাঁটাতারের কাছাকাছি চলে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে তাদের অভিযোগ।
তমিজ উদ্দিনের ছেলে আজাহার আলী বলেন, তার বাবা গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাছে গিয়েছিলেন। তিনি বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল। বাবাকে ফেরত না দিলে আটক ভারতীয় নাগরিককেও ফেরত দেওয়া হবে না বলে স্থানীয়দের সঙ্গে তার পরিবারের কথা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় শনিবার বিকেলে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ জানায়, বাংলাদেশি নাগরিক তমিজ উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিজিবি এ-সংক্রান্ত নথি দেখতে চাইলে বিএসএফ জানায়, আটক ভারতীয় নাগরিককে ফেরত দেওয়া হলে তারা প্রয়োজনীয় নথি দেখাবে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, স্থানীয়রা বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি বিজিবিকে জানায়নি। তবে ভারতীয় নাগরিককে আটক করে নিয়ে আসার পর বিএসএফ বিষয়টি তাদের জানায়।
পরে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগের জেরেই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, সীমান্তের কাঁটাতার কাটার অভিযোগে তমিজ উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক ভারতীয় নাগরিকের বিষয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।






























