ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
- সর্বশেষ আপডেট ০১:৫৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 40
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের ছোড়া রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে সীমান্তের ভারতের মহেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রুবেল মহেশপুর উপজেলার সীমান্তবর্তী শ্যামকুড় মাঠপাড়া গ্রামের বাসিন্দা এবং মজিবুল খানের ছেলে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভোরে রুবেলসহ কয়েকজন ব্যক্তি শ্রীনাথপুর বিওপি-সংলগ্ন সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে রুবেলের বুকে রাবার বুলেট লাগে এবং তিনি আহত হন।
ঘটনার পর রুবেলসহ অন্যরা বাংলাদেশে ফিরে আসেন। প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ঝিনাইদহ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসিন হাবিব হাসান জানান, রুবেলের বুকে রাবার বুলেট লাগার তথ্য তারা পেয়েছেন। ঘটনার বিস্তারিত যাচাই করা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।


































