সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

- সর্বশেষ আপডেট ০১:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 73
ন্যূনতম বেতনের দাবিতে সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এদিকে শ্রমিকদের অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ ও বিজিবি সদস্যরা চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
একই সময়ে সাভারের রাজফুলবাড়ী এলাকাতেও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ জানান, একেএইচসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও বিজিবি কাজ করছে।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ আলী আহমেদ জানান, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।































