সাদিক কায়েমসহ শিবির ছাড়লেন ৯ কেন্দ্রীয় নেতা
- সর্বশেষ আপডেট ০৬:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 29
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ সংগঠনটির কেন্দ্রীয় ৯ নেতা। সংগঠনের নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছে শিবির।
সোমবার (১৩ জুলাই) বিকালে সাদিক কায়েম নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, ছাত্রশিবিরে বছরে দুইবার সাংগঠনিক সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে তার বিদায় হয়েছে।
বিদায়ের আগে সাদিক কায়েম ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, সংগঠনটি তার আবেগ ও ভালোবাসার জায়গা। স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।
শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ জানান, চলতি সেশনের ষাণ্মাসিক সেটআপে কেন্দ্রীয় ৯ সম্পাদকের সাংগঠনিক ছুটি হয়েছে।
সাদিক কায়েম ছাড়াও বিদায় নেওয়া নেতারা হলেন—কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।































