সাতক্ষীরা সদর হাসপাতালে দুপুর পর্যন্ত ওড়েনি জাতীয় পতাকা

- সর্বশেষ আপডেট ০৩:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 141
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীর পরিদর্শনের এক সপ্তাহ না পেরোতেই সাতক্ষীরা সদর হাসপাতালে আবারও সামনে এসেছে নানা ধরনের অব্যবস্থাপনার চিত্র। রোববার (২ আগস্ট) দুপুর পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন না করা, চিকিৎসক সংকট, দীর্ঘ রোগীর সারি এবং শয্যার অভাবে রোগীদের দুর্ভোগ নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, বেলা দেড়টা পর্যন্ত হাসপাতালের মূল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। বিষয়টি স্থানীয়দের নজরে এলে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে দুপুর ২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জাতীয় পতাকা উত্তোলন করে।
এদিকে জেলার বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড়ে বহির্বিভাগ ও জরুরি বিভাগে দীর্ঘ লাইন দেখা যায়। চিকিৎসকের স্বল্পতার কারণে একজন চিকিৎসককে বিপুলসংখ্যক রোগী দেখতে হচ্ছে। কয়েকটি কক্ষের দরজা তালাবদ্ধ কিংবা ভেতর থেকে বন্ধ থাকায় নির্ধারিত সময়ে চিকিৎসক না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগীরা। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে দেখা গেছে।
চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও তাদের স্বজন জানান, সকালে হাসপাতালে এলেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টিকিট সংগ্রহ করতে পারেননি। টিকিট পাওয়ার পরও চিকিৎসকের দেখা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় থাকতে হয়েছে। তাদের দাবি, টিকিট ব্যবস্থাপনা সহজ ও সুশৃঙ্খল করা হলে রোগীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।
জাতীয় পতাকা উত্তোলনে বিলম্ব নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সরকারি বিধি অনুযায়ী প্রতিদিন সরকারি প্রতিষ্ঠানে যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। কিন্তু তা না হওয়ায় বিষয়টি জাতীয় পতাকা বিধিমালার লঙ্ঘন বলে মন্তব্য করেন সমাজকর্মী হোসেন আলী। তিনি বলেন, এ ধরনের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক বা বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আইনে এ অপরাধের জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি এ বিষয়ে সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। তার অনুপস্থিতিতে হাসপাতালের দায়িত্ব আবাসিক মেডিকেল অফিসারের কাছে ন্যস্ত রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুলাই স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসক সংকট নিরসন, সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনা শক্তিশালী করার নির্দেশনা দিয়েছিলেন। তবে সেই পরিদর্শনের এক সপ্তাহের মধ্যেই জাতীয় পতাকা উত্তোলনে বিলম্ব এবং চিকিৎসাসেবার নানা সংকট হাসপাতালটির ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।































