সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে চাইছে সরকার

- সর্বশেষ আপডেট ০৭:০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 115
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যেকোনো দেশের সশস্ত্র বাহিনী যে কারণে গঠিত হয়, সেই মূল উদ্দেশ্য পূরণ করাই আমাদের লক্ষ্য। দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চান তিনি।
বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজেও সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান। দেশের জন্য কাজ করতে পারার লক্ষ্যেই বাহিনীকে শক্তিশালী করতে চাই।
দিনের শুরুতেই প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেনা, নৌ ও বিমান বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থল ও আকাশে প্রদর্শনীতে অংশ নেন। ঘোড়ায় চড়ে প্যারেড কমান্ডারের প্রবেশের মধ্য দিয়ে কুচকাওয়াজ শুরু হয়।
এই কুচকাওয়াজে সাজোয়া, আর্টিলারি, সিগনালস, এয়ার ডিফেন্স, প্যারা কমান্ডো, নৌবাহিনী ও আধুনিক ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট অংশ নেয়। আকাশপথে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা নিয়ে অবতরণ করেন, বিমান বাহিনী বিভিন্ন কৌশলগত প্রদর্শনী উপস্থাপন করে।
এদিন সকাল ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও সুরা ফাতেহা পাঠ করেন।































