সবার জন্য ই-হেলথ কার্ড ঘোষণা

- সর্বশেষ আপডেট ০৮:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 109
নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার আওতায় আধুনিক ই-হেলথ কার্ড চালুর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে রোগী পরিবহনে ভোগান্তি কমাতে গঠন করা হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের সব নাগরিককে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার আওতায় আধুনিক ই-হেলথ কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) বাজেট বক্তৃতায় তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এর মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা হাসপাতাল ও সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে সমন্বিতভাবে পূর্ণাঙ্গ সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিটে রূপান্তর করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বৃদ্ধি, মা ও শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্যসেবা এবং ফিজিওথেরাপির সুবিধা সম্প্রসারণ করা হবে।
জেলা সদর হাসপাতালগুলোতে সার্জারিসহ জটিল ও বিশেষায়িত চিকিৎসাসেবা, করোনারি কেয়ার ও কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
রোগী পরিবহনে ভোগান্তি কমাতে জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গঠনের উদ্যোগ নেওয়া হবে বলেও বাজেটে উল্লেখ করা হয়েছে।
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের ১০ দশমিক ২ শতাংশ।




































