শ্রমিকদের ৭ কর্মদিবসে বেতন, ১২ মার্চের মধ্যে ঈদ বোনাস

- সর্বশেষ আপডেট ০৩:৪০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 259
ঈদকে সামনে রেখে শিল্প-কারখানার শ্রমিকদের বেতন আগামী সাত কর্মদিবসের মধ্যে এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যেই পরিশোধ করতে মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সময়মতো পরিশোধ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথাও তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার সিরডাপ ইন্টারন্যাশনাল সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ৯৪তম এবং তৈরি পোশাক খাতসংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২২তম সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এই নির্দেশনা দেন। সভায় শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ঈদের আগে বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে তা শুধু শ্রমিকদের পরিবারেই নয়, শিল্প খাতেও চাপ সৃষ্টি করে। সে কারণে সাত কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে ১২ মার্চের মধ্যে ঈদ বোনাস পরিশোধের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মালিকদের সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
মার্চ মাসের অর্ধেক বেতন অগ্রিম দেওয়ার প্রশ্নে তিনি কিছুটা নমনীয় অবস্থান তুলে ধরেন। কারখানাভেদে মালিক ও শ্রমিকদের পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে মত দেন। উভয় পক্ষ সক্ষম হলে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করার পরামর্শও দেন তিনি।
শ্রম খাতের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, শ্রমিকদের দাবি, মালিকদের সামর্থ্য এবং শিল্পের বাস্তবতা—সব দিক বিবেচনায় নিয়ে মন্ত্রণালয় সমন্বয়কের ভূমিকা পালন করতে চায়। আগে থেকেই আলোচনার পরিবেশ তৈরি হলে বড় ধরনের জটিলতাও নিজেদের মধ্যেই সমাধান সম্ভব—এমন ইঙ্গিত দেন তিনি।
নতুন সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় শ্রম খাতকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নিয়মিত বৈঠক ও আলোচনার মাধ্যমে প্রস্তাবগুলো বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আন্দোলন-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটের কথা টেনে মন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠনের পর এখন সবার দায়িত্ব দেশের উন্নয়নকে সামনে এগিয়ে নেওয়া। শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রাখা সেই প্রচেষ্টারই অংশ।
সভা শেষে উপস্থিত সবার প্রতি আগাম ঈদের শুভেচ্ছা জানান তিনি। পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকলে শিল্প খাতে স্থিতিশীলতা বজায় থাকবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী মো. নূরুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এছাড়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের ফজলে হাসান শামিম ও টিটিসির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন সভায় বক্তব্য রাখেন।

































