শিশুদের ওপর নৃশংসতা সমাজের চরম পতনের ইঙ্গিত: অপূর্ব
- সর্বশেষ আপডেট ০২:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 13
কুমিল্লার লালমাই পাহাড়ে আইফোনের জন্য ১৩ বছর বয়সী স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর বিচার চেয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর একের পর এক নৃশংসতার ঘটনায় একজন বাবা ও দেশের সাধারণ নাগরিক হিসেবে তিনি স্তব্ধ বলে জানিয়েছেন। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সবাইকে এক হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অপূর্ব লিখেছেন, একটি শিশুর নিরাপদে বেড়ে ওঠা তার সবচেয়ে স্বাভাবিক অধিকার। অথচ বারবার শিশুদের ওপর এমন নৃশংসতার ঘটনা ঘটছে, যা সমাজ ও মানুষের বিবেকের চরম পতনের ইঙ্গিত দেয়।
শিশুদের ওপর এ ধরনের ‘পশুবৃত্তি ও অমানুষিকতার’ বিরুদ্ধে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন অপূর্ব। তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই সমাজের অস্তিত্বই অর্থহীন।
পাশাপাশি অভিভাবকদেরও আরও সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই অভিনেতা। তার মতে, বর্তমান বাস্তবতায় শিশুদের প্রতি বাড়তি নজরদারি জরুরি। একটু বেশি সতর্কতা ও সচেতনতা অনেক বড় বিপদ থেকে সন্তানকে রক্ষা করতে পারে।
ঘরের বাইরে কিংবা ভেতরে কোথাও যেন শিশুদের নিরাপত্তায় ঘাটতি না থাকে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অপূর্ব।
শিশু হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন তিনি। শিশুদের জন্য দেশকে নিরাপদ জায়গা করে তোলার চেয়ে বড় দায়িত্ব আর কিছু হতে পারে না বলেও উল্লেখ করেন অপূর্ব।
ফেসবুক পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, ‘সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই। বিচার চাই।’






























