শিক্ষা আইন এর খসড়া নিয়ে ৯৯৯ শিক্ষকের উদ্বেগ

- সর্বশেষ আপডেট ০৯:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 182
শিক্ষা আইন ২০২৬-এর খসড়া তড়িঘড়ি প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন দেশের বিভিন্ন স্তরের ৯৯৯ জন শিক্ষক। নির্বাচনমুখী সময়ে এমন একটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের উদ্যোগকে তারা সময়োপযোগী নয় বলে মনে করছেন।
মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র ইঞ্জিনিয়ার মুহাম্মাদ সাদাতের পাঠানো বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। এই সময়ে শিক্ষা আইনের মতো সংবেদনশীল বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া রাজনৈতিক ও সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ।
শিক্ষকরা দাবি করেন, খসড়া আইনে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও বৈষম্যহীন শিক্ষাক্রমের কথা বলা হলেও এসব বিষয়ে স্পষ্ট সংজ্ঞার অভাব রয়েছে। ‘বিশেষ চাহিদাসম্পন্ন’, ‘সুবিধাবঞ্চিত’ ও ‘অন্য কোনো কারণে’ মতো অস্পষ্ট পরিভাষা ব্যবহারের ফলে ভবিষ্যতে নীতিগত বিভ্রান্তি তৈরি হতে পারে।
তারা বলেন, শিক্ষাক্রম বাস্তবায়নের ক্ষেত্রে অভিভাবকদের ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধের প্রতি সম্মান দেখানো জরুরি। পরিবার ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হলে সামাজিক বিরোধ বাড়তে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক মান অনুসরণের নামে এমন কোনো শিক্ষাদর্শ চাপিয়ে দেওয়া উচিত নয়, যা বাংলাদেশের সংবিধান, সামাজিক বাস্তবতা ও ধর্মীয় অনুভূতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি এনজিও পরিচালিত বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানকে মূল ধারায় আনার আগে এর সংজ্ঞা নির্ধারণের দাবিও জানানো হয়।
বিশ্লেষকদের মতে, শিক্ষকদের এই উদ্বেগ মূলত নীতিগত স্বচ্ছতা ও সামাজিক গ্রহণযোগ্যতা ঘিরে। স্পষ্ট সংজ্ঞা ও ব্যাপক আলোচনা ছাড়া আইন বাস্তবায়ন করা হলে ভবিষ্যতে শিক্ষা খাতে অস্থিরতা তৈরি হতে পারে। তাই খসড়া আইনটি চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে খোলামেলা আলোচনা জরুরি।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারেক ফজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফেজ এবিএম হিজবুল্লাহ ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মো. গালিবসহ আরও অনেকে।




































