শিক্ষার্থী ও সাংবাদিক ভিসায় নতুন বিধিনিষেধ যুক্তরাষ্ট্রে
- সর্বশেষ আপডেট ০৬:২২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / 28
বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসানীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী ও বিদেশি সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার সময়সীমা নির্ধারণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (ডিএইচএস) এ সংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশক ধরে চালু থাকা ব্যবস্থার পরিবর্তে এখন থেকে বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ চার বছরের জন্য ভিসা পাবেন।
আগের নিয়মে শিক্ষার্থীরা নির্দিষ্ট শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকা পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেতেন। নতুন ব্যবস্থায় নির্ধারিত সময়ের বেশি অবস্থান করতে হলে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে অথবা যুক্তরাষ্ট্র ছাড়ার পর নতুন ভিসার জন্য আবেদন করতে হবে।
এছাড়া বিদেশি সাংবাদিকদের জন্যও থাকার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সাধারণ সাংবাদিকরা একবারে সর্বোচ্চ ২৪০ দিন থাকতে পারবেন। তবে চীনা নাগরিক সাংবাদিকদের ক্ষেত্রে এই সময়সীমা ৯০ দিন নির্ধারণ করা হয়েছে।
নতুন নিয়ম ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এর আগে কংগ্রেসের পর্যালোচনার প্রয়োজন হবে।
আগামী আগস্ট ও সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমে এই নীতির প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিএইচএস বলছে, সাম্প্রতিক বছরগুলোতে স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশকারীর সংখ্যা বেড়েছে। এর ফলে বিদেশি শিক্ষার্থীদের ওপর নজরদারি কঠিন হয়ে পড়ছে বলে দাবি করেছে সংস্থাটি।
তবে অভিবাসন আইনজীবী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, নতুন নিয়ম শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকদের জন্য বাড়তি জটিলতা তৈরি করতে পারে এবং উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের আকর্ষণে প্রভাব ফেলতে পারে।



































