শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর সড়কে শিক্ষার্থীরা
- সর্বশেষ আপডেট ০২:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / 27
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার পর ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে ঘিরে উত্তরা, মিরপুর, শাহবাগ ও সায়েন্সল্যাবসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর-১০ গোলচত্বর ও সায়েন্সল্যাব এলাকায় শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়। তারা সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লং মার্চের ঘোষণা দেন।
শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
এদিকে আন্দোলনের মধ্যেই বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে অংশ নিতে শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, উত্তরা, শাহবাগ ও সায়েন্সল্যাবসহ নির্ধারিত কয়েকটি স্থান থেকে একযোগে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি শুরু করা হবে।





































