শহিদুল আলম কেন বিএনপি সরকারকে হটাতে চাইছে?

- সর্বশেষ আপডেট ০৯:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 247
জাতীয় প্রেসক্লাবে চলচ্চিত্র নির্মাতা গোলাপ শাহহীন ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে আলোকচিত্রী শহিদুল আলম বলেন, জনগণের আশা পূরণে ব্যর্থ হলে বর্তমান সরকারকেও সরানো সম্ভব।
তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘যেটা বলেছিলেন আমরা বিশ্বাস করেছি, সেই জায়গায় থাকুন। না পারলে এটিও সম্ভব।’
শহিদুল আলম হামলার ঘটনায় বলেন, ‘এটি শুধু ছোটখাটো ঘটনা নয়। সরকারি অফিসে পরিকল্পিতভাবে শিল্পীদের ওপর আক্রমণ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ কীভাবে উধাও হলো, তা আইনের আওতায় আসা উচিত।’ তিনি এই ঘটনায় শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, আইনি পদক্ষেপও নেওয়ার দাবি জানান।
৩০ মার্চ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) বকেয়া বিল নিতে গিয়ে হামলার শিকার হন মুশফিকুর রহমান জোহান, গোলাপ শাহ, আব্দুর রহমান, রিয়াদুল হাসান, নাফিস আমিন ও মাবুব হোসেন।
অভিযোগ, ডিএফপির চিত্রগ্রাহক মো. মশিউর রহমান ও ছাত্রদলের লোকজন হামলার সঙ্গে জড়িত। হামলায় গুরুতর আহত হন অনেকেই।
সংবাদ সম্মেলনে গোলাপ শাহ বলেন, ‘বকেয়া বিল নেওয়ার সময় কর্মকর্তা ও বহিরাগতদের আক্রমণ, মাথা ফেটে গেছে, সহকর্মীরাও আহত।’ লিখিত বক্তব্যে মুশফিকুর রহমান দাবি করেন, প্রমাণ নষ্টের জন্য সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে।
সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরা হয়—হামলাকারীদের গ্রেপ্তার, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিচ্যুত ও আইনের আওতায় আনা, সিসিটিভি উদ্ধার, আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ, সংস্কৃতিকর্মীদের নিরাপত্তা এবং সরকারি অর্থায়নে চলচ্চিত্র নির্মাণে অনিয়ম বন্ধ করা।
অন্যান্য বক্তারা ছিলেন গবেষক রেজাউর রহমান, শিল্পী রীতু সাত্তার ও চিত্রনাট্যকার জাহিন ফারুক আমিন।


































